1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 13 নভেম্বর 2026

‘শহীদ মুজাহিদ ইমামের রক্তাক্ত ঊর্ধ্বগমনের বার্ষিকী’ কমিটি গঠিত

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

শহীদ মুজাহিদ ইমাম হযরত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির চিন্তাধারা ও রচনাবলি সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মোহসেন খামেনির আদেশে ‘শহীদ মুজাহিদ ইমামের রক্তাক্ত ঊর্ধ্বগমনের বার্ষিকী’ কমিটি গঠিত হয়েছে এবং এর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

এই কমিটির নিয়োগপ্রাপ্ত সদস্যদের মধ্যে রয়েছেন প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ রেজা আরেফ, আস্তানে কুদসে রাজাভির মুতাওয়াল্লি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মারভি, বাসিজে মুস্তাজআফিন সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন তায়েব, ইসলামী বিপ্লবের মহামান্য নেতার উপদেষ্টা ড. গোলামআলী হাদ্দাদ আদেল, দেশের জুমার ইমামদের নীতিনির্ধারণী পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাজ আলী আকবারি এবং তেহরানের মেয়র ড. আলীরেজা জাকানি।

এই কমিটি ৯ এসফান্দের দিনগুলোতে ইসলামী বিপ্লবের নেতার শাহাদাতবার্ষিকীর কর্মসূচি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নেবে।

এই আদেশে শহীদ মুজাহিদ ইমামের চিন্তা ও কর্মের ব্যাখ্যা, তাঁর ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরা এবং সেই ঐশী নেতার পথ ও বার্তাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘শহীদ মুজাহিদ ইমামের মতাদর্শ’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকে কমিটির দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জাতি ও উম্মাহর জাগরণ ও উত্থানের চেতনাকে শক্তিশালী করা এবং জাতীয় ও ইসলামী সংহতিকে গভীরতর করার ওপর জোর দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শ্রোতা-দর্শকের ব্যাপ্তি ও বৈচিত্র্যের প্রতি মনোযোগ, গণমানুষের কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ এবং সাংস্কৃতিক, শৈল্পিক, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন এই আদেশের অন্যান্য মূল দিক। আনুষ্ঠানিকতাসর্বস্ব কাজ ও অপ্রয়োজনীয় ব্যয় কঠোরভাবে পরিহারের ওপরও জোর দেওয়া হয়েছে।

বিপ্লবের শহীদ নেতার শাহাদাতবার্ষিকী কমিটির সদস্যদের নিয়োগ আদেশের পূর্ণ পাঠ নিম্নরূপ:

بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِینَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ یُقَاتِلُونَ فِی سَبِیلِ اللَّهِ فَیَقْتُلُونَ وَیُقْتَلُونَ وَعْدًا عَلَیْهِ حَقًّا فِی التَّوْرَاةِ وَالْإِنْجِیلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَیْعِکُمُ الَّذِی بَایَعْتُمْ بِهِ وَذَلِکَ هُوَ الْفَوْزُ الْعَظِیمُ التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاکِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْکَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِینَ.
নিশ্চয়ই আল্লাহ মু'মিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর তারা হত্যা করে এবং নিহত হয়। তাওরাত, ইঞ্জিল ও কুরআনে এ বিষয়ে তাঁর সত্য প্রতিশ্রুতি রয়েছে। আর নিজ প্রতিশ্রুতি পালনে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কে আছে? সুতরাং তোমরা তাঁর সঙ্গে যে সওদা করেছ, সেই সওদার জন্য আনন্দিত হও। আর সেটাই মহাসাফল্য। (তারা) তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎকাজের আদেশদাতা, অসৎকাজে নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখার হেফাজতকারী; আর মু'মিনদের সুসংবাদ দাও। (আল-কুরআন, সূরা আত-তাওবা ৯:১১১–১১২)

উম্মাহর ঐতিহাসিক পুনর্জাগরণের মহান শিক্ষক এবং তাঁর শহীদ সহযাত্রীদের ওপর আল্লাহর সালাম ও দরুদ বর্ষিত হোক।

যুগের অনন্য ব্যক্তিত্ব, ইসলামী বিপ্লবের দীপ্তিমান সূর্য, প্রিয় ইসলামের সামগ্রিকতার মূর্ত প্রতীক, গায়বাতের যুগে ইসলামী উম্মাহর সাইয়্যেদুশ শুহাদা, নব্য ইসলামী সভ্যতার স্থপতি, মহান মরহুম ইমাম খোমেনির মকতবের শ্রেষ্ঠ শিক্ষার্থী, মহান নেতা, শহীদ মুজাহিদ ইমাম হযরত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মহান ব্যক্তিত্বের প্রতি সম্মান জানাতে; এবং তাঁর আত্মোৎসর্গ ও রক্তাক্ত ঊর্ধ্বগমনের সেই গৌরবময় ঘটনাকে মহিমান্বিত করতে, যা জাতিসমূহকে জাগ্রতকারী, আল্লাহ ও মানবতার সবচেয়ে নিকৃষ্ট শত্রুদের লাঞ্ছনা ও পতনকে ত্বরান্বিতকারী এবং ‘ইসলামী বিপ্লবের দ্বিতীয় ধাপ’-এর প্রথম দশকে জাতি ও উম্মাহর সৌভাগ্যের শিখরে পৌঁছানোকে বেগবানকারী; আর বিপ্লব ও ইসলামী ইরানের প্রতিরক্ষায় জাতি, ইসলামী উম্মাহ ও বিশ্বের নিপীড়িতদের মহান জাগরণের বীরত্বগাথা স্মরণ করতে ‘শহীদ মুজাহিদ ইমামের রক্তাক্ত ঊর্ধ্বগমনের বার্ষিকী’ কমিটি গঠন করা হলো এবং আপনাকে এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

‘কমিটি’র দায়িত্ব হলো তাঁর যোগ্য উত্তরসূরি, ইসলামী উম্মাহর অনুসৃত নেতা, ইমাম «عجل‌الله تعالی فرجه الشّریف» (আল্লাহ তাআলা তাঁর মহিমান্বিত আবির্ভাব ত্বরান্বিত করুন)-এর নায়েব হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি «مدظله‌العالی» (তাঁর মহান ছায়া দীর্ঘস্থায়ী হোক)-এর দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার অধীনে ‘ইরানের শহীদ নেতা’-র চিন্তা ও কর্মের ব্যাখ্যা এবং তাঁর জ্যোতির্ময় ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে, সেই ঐশী নেতার পথ ও বার্তাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘শহীদ মুজাহিদ ইমামের মতাদর্শ’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হওয়া, যাতে জাতি ও উম্মাহর জাগরণ ও উত্থানের চেতনা শক্তিশালী করে এবং জাতীয় ও ইসলামী সংহতি গভীরতর করে দীন, প্রজ্ঞা, জ্ঞান ও সংকল্পের ক্ষেত্রে আত্মগঠন এবং নব্য ইসলামী সভ্যতার ভূমিকা হিসেবে সমাজ গঠন সহজতর ও ত্বরান্বিত হয়।

‘কমিটি’কে আন্তর্জাতিক শ্রোতা-দর্শকের বিস্তৃত পরিসরের প্রতি মনোযোগ দিতে হবে — পূর্ব এশিয়ার মুসলমানদের থেকে শুরু করে ইউরোপ ও উত্তর আমেরিকার তরুণ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের সমর্থক শিক্ষার্থীরা পর্যন্ত, যারা শহীদ মুজাহিদ ইমামের তিনটি চিঠির সম্বোধিত ছিলেন — এবং গণমানুষের কার্যক্রমের প্রতি মনোযোগ ও গুরুত্ব দেওয়ার পাশাপাশি শ্রোতা-দর্শকের বৈচিত্র্য বিবেচনায় রেখে সাংস্কৃতিক, শৈল্পিক, রাজনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হবে। আশা করা হয়, ‘কমিটি’ আনুষ্ঠানিকতাসর্বস্ব কাজ ও অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের বিষয়ে শহীদ মুজাহিদ ইমামের জোরালো উপদেশ আন্তরিকভাবে বাস্তবায়ন করবে।

আশা করি, সেই মহান মর্যাদাসম্পন্ন ঐশী ব্যক্তিত্বের স্মরণে সকল প্রচেষ্টা আমাদের মাওলা হযরত সাহেবুল আসর ওয়াজ জামান «عجل‌الله له‌الفرج» (আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন)-এর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভ করবে।

বিনীত, সাইয়্যেদ মোহসেন খামেনি, শহীদ মুজাহিদ ইমাম হযরত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির চিন্তাধারা ও রচনাবলি সংরক্ষণ ও প্রকাশনা দপ্তরের প্রধান