1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 24 নভেম্বর 2026

চতুর্থ জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার অনুষ্ঠানে বার্তা

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم اللّه الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

চতুর্থ জাতীয় তরুণ জনসংখ্যা অনুষ্ঠানের আয়োজন জনসংখ্যার গুরুতর বিষয়টি নিয়ে কথা বলার একটি ভালো উপলক্ষ। শক্তি ও অগ্রগতি এবং আরও শক্তিশালী ইরান অর্জনের উপাদানগুলোর মধ্যে সকল কাম্য পরিমাণগত ও গুণগত দিক বজায় রেখে প্রিয় ইরানের ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর অন্যতম হিসেবে গণ্য। এই কৌশলগত ও ভাগ্যনির্ধারক বিষয়টি, যার ওপর বিগত কয়েক দশকে মহান মর্যাদাসম্পন্ন শহীদ নেতা — اعلی‌الله مقامه‌الشّریف (আল্লাহ তাঁর মহিমান্বিত মর্যাদা সমুন্নত করুন) — বারবার জোর দিয়েছিলেন, একদিকে সক্ষমতাগুলোকে বাস্তবে রূপ দেওয়া এবং বহু বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সৃষ্টি ও উন্নয়নে, অন্যদিকে শত্রুদের হুমকি ও অশুভ অভিসন্ধি প্রতিরোধ ও দূরীকরণে কার্যকর। মনে হয়, দেশের পরিকল্পনা ও কার্য পরিচালনার অঙ্গনে যে দীর্ঘ ও ক্ষতিকর উদাসীনতা চেপে বসেছিল, তার পর এখন কিছু পদক্ষেপের ফলে জনগণ ও কর্মকর্তাদের জন্য আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়ে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জনসংখ্যার বিভিন্ন দিক এবং বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা ও চাহিদার প্রতি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কখনো পরিবার আর কখনো ব্যক্তি বিষয়াদি পরিমাপের মানদণ্ড হয়ে থাকে। কিছু বিষয়ে, যেমন আবাসন এবং বহু পণ্য ও সেবার ক্ষেত্রে, এর ভোক্তা ও ব্যবহারকারী হলো পরিবার; আর অন্য কিছু বিষয়ে, যেমন খাদ্য, পোশাক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়াদিতে, ব্যক্তিকে পরিমাপের একক হিসেবে বিবেচনা করা হয়। কাম্য জনসংখ্যা অর্জনের বিষয়টি এমন বিষয়গুলোর অন্যতম, যাতে উভয় দিকই জড়িত। এ কারণে পরিবারের ভিত্তি সুদৃঢ় করার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবকাঠামো ও দিকের প্রতি মনোযোগ দেওয়া দেশের জনসংখ্যা বক্ররেখা সংশোধনের প্রচেষ্টার পথে একটি স্থায়ী উপাদান হবে; যেমনিভাবে সংশ্লিষ্ট ব্যক্তিগত দিকগুলোর প্রতি যত্ন নেওয়াও প্রয়োজন। তরুণ বয়সে বিয়ে সহজ করা, ব্যক্তিগত স্বাস্থ্য নিশ্চিত করা — যা নিজেই বহু বিষয়ের ওপর নির্ভরশীল —, সন্তান গ্রহণে সহায়তা, পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসার এবং এ ক্ষেত্রে সফল দৃষ্টান্তগুলো তুলে ধরার প্রতি গুরুত্বের সঙ্গে ও বৃহৎ পরিসরে মনোযোগ দেওয়া — এর প্রতিটিই ইরানের আরও শক্তিশালী হওয়ার পথে একটি কার্যকর পদক্ষেপ। এ ছাড়া জাতির প্রতিটি সদস্য, বিশেষ করে তরুণদের কাছে এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যাও এই লক্ষ্যে আরেকটি সহায়তা হবে।

নিঃসন্দেহে প্রত্যেক আত্মমর্যাদাশীল ইরানি, যিনি এই মাটি ও এর মানুষের জন্য এক উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন, নব্য ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানিদের প্রজন্মপরম্পরা অব্যাহত রাখার জন্য এক দৃঢ় প্রেরণা ও সংকল্প পোষণ করবেন। আমি গভীরভাবে আশা করি, অতীতের কিছু জনসংখ্যা নীতির ফলে সৃষ্ট ঘাটতিগুলো পূরণ করে এবং তরুণ জনসংখ্যা বৃদ্ধি ও এ বিষয়ে পরিবারের কেন্দ্রীয় ভূমিকার সঠিক ও কৌশলগত নীতি নিষ্ঠার সঙ্গে অনুসরণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বর্তমানে আমরা যে কঠিন গিরিপথ ও ভাগ্যনির্ধারক পর্যায়ে রয়েছি, তা নিরাপদে অতিক্রম করবে, এবং আল্লাহর তাওফিক ও আমাদের মাওলার — عجّل‌الله تعالی فرجه‌الشّریف (মহান আল্লাহ তাঁর মহিমান্বিত আবির্ভাব ত্বরান্বিত করুন) — কল্যাণময় দোয়া ও বরকতে, এই যুগে সত্য ও ন্যায়ের পতাকাবাহী হিসেবে গণ্য ইরানিদের ওপর ঐশী বরকত নাজিল হওয়ার উপকরণ আরও বেশি ও আরও উত্তমরূপে প্রস্তুত হবে — بمنّه و کرمه (তাঁর অনুগ্রহ ও মহানুভবতায়)।

সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
৩ আজার ১৪০৫