1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 1 অক্টোবর 2026

তেত্রিশতম জাতীয় নামাজ সম্মেলনের উদ্দেশে বাণী

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم‌الله‌الرّحمن‌الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

«নামাজ কায়েম»-এর মহান বিষয়ের প্রতি মনোযোগ এবং বিশেষত নামাজ সম্মেলনের আয়োজন অন্যতম জরুরি ও আবশ্যক পদক্ষেপ, যা সত্তরের দশকের (ইরানি সৌর বর্ষপঞ্জি অনুযায়ী) শুরু থেকে দেশে সংগ্রামী ও জনঘনিষ্ঠ আলেম, কুরআনের শিক্ষক ও দক্ষ প্রচারক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কারায়াতি (আল্লাহ তাঁর বরকত স্থায়ী করুন)-এর উদ্যোগে গড়ে উঠেছে। এ বিষয়ে মহান মর্যাদাসম্পন্ন শহীদ নেতার (আল্লাহ তাঁর মহান মর্যাদা সমুন্নত করুন) বিশেষ মনোযোগ এবং বিগত বত্রিশটি সম্মেলনের উদ্দেশে প্রদত্ত বাণীসমূহে তাঁর গুরুত্বপূর্ণ, নিরবচ্ছিন্ন ও জোরালো পরামর্শও এই কর্মপন্থার গুরুত্ব বৃদ্ধি করে। নিঃসন্দেহে নামাজ সম্পর্কে কথা বলা বা লেখা আল্লাহর ওহি এবং মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) ও নিষ্পাপ ইমামগণের (আলাইহিমুস সালাতু ওয়াস সালাম) বাণীর মর্যাদা ও মানের বিষয়, এবং আমার মতো ব্যক্তির কলম নামাজের মারেফাতের গভীরতা সম্পর্কে কিছু লেখার পক্ষে অতি ক্ষুদ্র। কিন্তু ইসলামী সমাজের পরিচয় ও চাহিদা এবং তার সেবকদের, বিশেষত ইসলামী বিপ্লবের নেতৃত্বের দায়িত্ব এমনটি দাবি করে যে, আমি এ বিষয়ে নিজের জন্য এবং জনসাধারণ ও কর্মকর্তাদের জন্য কয়েকটি কথা স্মরণ করিয়ে দিই।

নামাজ মহান ও সমুন্নত আল্লাহর মহান নিয়ামতসমূহের মধ্যে অন্যতম সুন্দরতম নিয়ামত, দ্বীনের সর্বোত্তম প্রতিষ্ঠান, প্রতীক ও স্তম্ভ, এবং অসীম ও চিরন্তন ঐশী উৎসের সঙ্গে নিকট ও প্রত্যক্ষ সংযোগের জন্য আমাদের প্রত্যেকের যোগসূত্র। সাফল্য ও মুক্তির এই অমৃত এবং পবিত্র জীবনের (হায়াতে তাইয়্যেবা) এই স্তম্ভ একদিকে প্রবৃত্তির শয়তান ও পার্থিব শয়তানদের বিরুদ্ধে সংগ্রামে মানুষের সুদৃঢ় ও নিরবচ্ছিন্ন অবলম্বন এবং অফুরন্ত সঞ্চয়, অন্যদিকে ভালোবাসা, আশা, দয়া ও প্রশান্তির উচ্ছ্বসিত ঝরনা; এবং বরকত অবতরণ ও আল্লাহর রিজিকের প্রাচুর্য নামাজ কায়েম ও ইস্তিগফারের মাধ্যমে সংঘটিত হয় ও বৃদ্ধি পায়।

কিন্তু নামাজের ফরজ কেবল একটি ব্যক্তিগত দায়িত্ব নয়; কুরআনের শিক্ষা অনুযায়ী নামাজ কায়েম করা সৎকর্মশীলদের শাসনের প্রথম ফল ও নিদর্শন, যেমন বলা হয়েছে: «اَلّذینَ اِنْ مَکَّنّاهُم فی الأرضِ اَقاموا الصَّلاة» (তারা এমন লোক, যাদের আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ কায়েম করে — সূরা আল-হজ ২২:৪১)। পবিত্র সূরা আল-হজে মহান আল্লাহর সাহায্যকারীদের প্রতি ঐশী সাহায্যের প্রতিশ্রুতি এবং তাদের জিহাদ সংক্রান্ত আয়াতের ঠিক পরেই এই আয়াতের উল্লেখ প্রমাণ করে যে, আল্লাহর জিকির এবং তাঁর প্রতি আশা ও আস্থার সুদৃঢ় অবলম্বন হিসেবে নামাজ কায়েম জিহাদ এবং সংগ্রামের ময়দানে, বিশেষত আজ ইরানি জাতির সামনে যে সংগ্রামের ময়দান রয়েছে, তাতে বিজয় ও সাফল্যে বিশেষ ভূমিকা রাখে।

আজ যখন প্রিয় ইরানি জনগণের সামর্থ্য ও শক্তির শর্ত আগের চেয়ে আরও বেশি পূরণ হয়েছে, তখন জাগ্রত জাতির প্রত্যেক সদস্যই নামাজ কায়েমের জন্য আল্লাহর এই বারংবার নির্দেশের সম্বোধিত: «اَقیموا الصَّلاة» (তোমরা নামাজ কায়েম করো)। এছাড়া সমাজের সকল প্রভাবশালী ব্যক্তি — পিতা-মাতা ও পরিবার থেকে শুরু করে শিক্ষক ও বন্ধু, অধ্যাপক ও বিশিষ্টজন থেকে শুরু করে পরিচিত ব্যক্তিত্ব ও খ্যাতিমান ব্যক্তিরা — এবং সংস্কৃতি নির্মাণকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থা, যেমন মসজিদ, জুমার নামাজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দ্বীনি শিক্ষাকেন্দ্র (হাওজা), রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (সেদা ও সিমা), সাংস্কৃতিক ও সামাজিক কর্মী এবং গণবাহিনী বাসিজ, বিশেষত যারা কিশোর ও তরুণদের সঙ্গে সংশ্লিষ্ট, এ বিষয়ে দ্বিগুণ দায়িত্ব বহন করেন।

যে সমাজ ও দেশ মুহাম্মদী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) খাঁটি ইসলামের পতাকা উত্তোলন করেছে এবং ইসলামের শাসনে গৌরবান্বিত হয়েছে, তার পরিসরে নামাজ কায়েম তার সকল পরিপূরক পর্যায় ও পূর্ণতার স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্তর্ভুক্ত, এবং আন্দোলন ও ইসলামী বিপ্লবের পর্যায় থেকে ইসলামী সমাজের পর্যায়ে উত্তরণের পথ প্রস্তুত করার জন্য এটি অপরিহার্য; আর এর পরেই ইসলামী সভ্যতার পর্যায়ে উপনীত হওয়া সম্ভব হবে। নামাজের প্রাতিষ্ঠানিকীকরণ ও সর্বজনীন ব্যাপকতা এবং তারপর তা উত্তমরূপে আদায়ের জন্য সর্বজনীন প্রচেষ্টা — এই দুটি এই গুরুত্বপূর্ণ লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টার প্রধান দুই বাহু; এবং মসজিদসমূহের আবাদ এবং জামাত ও জুমার নামাজের সংখ্যাগত বিস্তার ও বাহ্যিক মানোন্নয়নের অন্যান্য ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় প্রস্তুতি। এসব ক্ষেত্রেই জামাত ও জুমার ইমামগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাঁদের হওয়া উচিত জনগণের আশ্রয়স্থল এবং তাদের মনের কথা শোনার ও গ্রহণ করার মতো মনোযোগী কান।

আশা করি আল্লাহর অনুগ্রহ এবং আমাদের মাওলা — عجّل‌الله تعالی فرجه‌الشّریف (মহান আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) — এর বিশেষ দৃষ্টি ও দোয়ায় আমাদের প্রিয় জাতি ও দেশ নামাজ কায়েম এবং তার কল্যাণ ও বরকত লাভে সফল ও সাহায্যপ্রাপ্ত হবে।

সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী
৯ মেহর ১৪০৫