1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 28 মে 2026

ইসলামী পরামর্শ সভার (মজলিস) উদ্বোধন বার্ষিকী এবং দ্বাদশ মজলিসের কার্যক্রমের তৃতীয় বর্ষের সূচনা উপলক্ষে বাণী

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

পবিত্র ঈদুল আজহা এবং ইসলামী পরামর্শ সভার (মজলিস) প্রথম মেয়াদের উদ্বোধন বার্ষিকী উপলক্ষে ইসলামী ইরানের সকল প্রিয় জনগণ এবং ইসলামী পরামর্শ সভার সম্মানিত প্রতিনিধিদের অভিনন্দন জানাচ্ছি, এবং এই উপলক্ষে দেশের উন্নতির পথে প্রতিনিধিদের, বিশেষত ইসলামী পরামর্শ সভার সম্মানিত স্পিকার জনাব ড. কালিবাফের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইসলামী পরামর্শ সভা জাতির নির্যাস, ধর্মীয় গণতন্ত্রের প্রতীক এবং ইসলামী প্রজাতন্ত্রে আইন ও আইন প্রণয়নের স্তম্ভ, যা জনগণের ইচ্ছা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন তৃতীয় পবিত্র প্রতিরক্ষার তিন মাস অতিবাহিত হওয়ার পর ঈমান, আশা ও কর্মে ইরানি জনগণের অন্তর্নিহিত মান ও সারসত্তা বন্ধু ও শত্রু উভয়ের কাছে প্রমাণিত হয়েছে, এবং ইরানি জনগণের মানোন্নয়ন জাতির গুণাবলির নির্যাসের এক বিস্ময়কর প্রকাশ ঘটিয়েছে।

যেহেতু জাতির প্রকৃত প্রতিনিধিকে জাতিরই অংশ হতে হবে, তাই বর্তমান সময় প্রতিনিধিগণ ও ইসলামী পরামর্শ সভার মধ্যে জনগণের জাগরণের প্রকাশের এক সন্ধিক্ষণ, যাতে তারা জাগ্রত জাতির মানদণ্ড অনুযায়ী নিজেদের ভূমিকা ও দায়িত্ব পালন বিন্যস্ত করেন এবং দ্বিগুণ পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে ইসলামী ইরানের ভবিষ্যতের পথ নির্মাণে আইন প্রণয়ন ও তদারকিকে ত্বরান্বিত ও গভীরতর করেন।

জিহাদের এই ময়দানে প্রতিনিধির আসন দেশের অগ্রগতির পথে পরিবর্তনের সম্মুখসারির পরিখা হিসেবে গণ্য। তাই জাতির প্রতিনিধিদের জন্য সমীচীন হলো, তারা মহান ও সমুন্নত আল্লাহর অনুগ্রহের ওপর ভরসা রেখে, আমাদের নেতা ও মাওলা (ইমাম মাহদী) — عجّل‌ا‌لله‌تعالی‌فرجه‌الشریف (মহান আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) — এর ওসিলা গ্রহণ করে এবং দুটি মার্কিন-জায়নবাদী আরোপিত যুদ্ধের মজলুম শহীদগণের এবং তাঁদের শীর্ষে আমাদের মহান শহীদ নেতার (আল্লাহ তাঁর মহান মর্যাদা সমুন্নত করুন) পবিত্র রক্তের মর্যাদা রক্ষা করে, সংগ্রামী মনোভাব নিয়ে তাদের সমস্ত শক্তি ও সামর্থ্য আইনসভার স্বাধীনতা বজায় রেখে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক শক্তিবৃদ্ধিমূলক শাসনব্যবস্থায়, দেশের যথাযথ পুনর্গঠন, জনগণের উদ্বেগ, বিশেষত অর্থনৈতিক ও জীবিকাসংক্রান্ত সমস্যার সমাধান, উৎপাদন ও কর্মসংস্থানের প্রসার, বিজ্ঞান ও শিল্পের মানোন্নয়ন, সংস্কৃতি ও নৈতিকতার উন্নতি, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সর্বাত্মক বঞ্চনা দূরীকরণের পথে নিয়োজিত করবেন।

এর ভিত্তিতে প্রয়োজন হলো, মজলিসের অনুমোদিত আইনসমূহের সঙ্গে দেশের মূল সমস্যাবলি ও জনগণের চাহিদার প্রত্যক্ষ ও দৃশ্যমান সম্পর্ক থাকা এবং সেগুলো আশা সৃষ্টি ও দেশের ভবিষ্যৎ নির্মাণের দিকে নিবদ্ধ হওয়া। সমাজের সর্বাগ্রে প্রয়োজন আশার বাস্তব নিদর্শন, একটি স্থিতিশীল পথ এবং ভবিষ্যতের একটি সুস্পষ্ট চিত্র দেখতে পাওয়া, যাতে এর ভিত্তিতে সে পরিকল্পনা করতে ও এগিয়ে যেতে পারে; এবং মজলিসের প্রতিনিধিগণ তাদের অবস্থান, অনুমোদিত আইন ও বক্তৃতার মাধ্যমে ইসলামী পরামর্শ সভাকে আশা সৃষ্টির চালিকাশক্তি প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন; যেমন বর্তমান পরিস্থিতিতে নির্বাহী ও বিচার বিভাগের সহযোগিতায় ১৪০৫ সালের স্লোগান «জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তার ছায়ায় প্রতিরোধমূলক অর্থনীতি»-এর ওপর গুরুত্ব আরোপ করে অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি হ্রাস, তারল্য ব্যবস্থাপনা, উৎপাদনের প্রসার, সপ্তম উন্নয়ন পরিকল্পনার সংশোধন এবং দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধের ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও পুনর্নির্মাণ সংক্রান্ত বিষয়াবলি সংযোজনকে প্রধান কর্মসূচি হিসেবে গ্রহণ করে বর্তমান পরিস্থিতি ও যুদ্ধোত্তর সময়ে সরকার ও অন্যান্য খাতের কর্মপথের রূপরেখা প্রণয়ন করতে পারেন।

জাগ্রত জাতির মানদণ্ডে ভূমিকা পালনের জন্য বিভিন্ন পূর্বশর্ত ও আবশ্যকতাও প্রয়োজন; এই সংক্ষিপ্ত পরিসরে আমি সম্মানিত ভাই-বোনদের কেবল এই পরামর্শ দিচ্ছি যে, তারা যেন ইসলামী পরামর্শ সভার প্রতিনিধিদের সঙ্গে বার্ষিক সাক্ষাতে, বিশেষত সাম্প্রতিক বছরগুলোতে, মহান শহীদ নেতার (আল্লাহ তাঁর মহান মর্যাদা সমুন্নত করুন) বিস্তারিত বক্তব্যসমূহ — যা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগত ও প্রায়োগিক মূল্য বহন করে — সূক্ষ্মভাবে ও গুরুত্বের সঙ্গে অধ্যয়ন করেন।

স্বাভাবিকভাবেই সেই দিকনির্দেশনাগুলো মেনে চলা নিশ্চিত করতে এবং বর্তমান সংবেদনশীল সময়ে গুরুতর দায়িত্বসমূহ সঠিকভাবে পালনে ব্যক্তিগত তাকওয়া অবলম্বন মৌলিক ভূমিকা রাখে; এবং অগ্রাধিকারসমূহের সঠিক নির্ধারণ, গভীর বিশেষজ্ঞ অধ্যয়ন ও পরামর্শের ভিত্তিতে ভোট প্রদান, জনসাধারণের মতো জীবনযাপন ও জনগণের সঙ্গে ব্যাপক সংযোগ, সর্বাত্মক দুর্নীতিবিরোধিতা, দলীয়, গোষ্ঠীগত ও আঞ্চলিক চাহিদা ও স্বার্থের ওপর জাতীয় স্বার্থ ও জনদাবিকে অগ্রাধিকার দেওয়া, সংসদীয় কূটনীতির প্রতি মনোযোগ, সাহসিকতা এবং অহংকারী শক্তিগুলোর অতিরিক্ত দাবির বিরুদ্ধে স্বচ্ছ ও দৃঢ় অবস্থান ঘোষণা, এবং অঞ্চল ও বিশ্বে ইরানের নতুন অবস্থানের প্রতি বিচক্ষণ ও বিপ্লবী মনোযোগ — এসবই এই আবশ্যকতাগুলোর অন্তর্ভুক্ত।

তাকওয়ার অন্যতম দৃষ্টান্ত হলো জাতীয় ঐক্যের মহান নিয়ামত এবং সেই অতুলনীয় সংহতির মর্যাদা রক্ষা, যা ইসলামী ইরানের পতাকাকে ঘিরে জাগ্রত জাতিকে দান করা হয়েছে এবং যা বড় শয়তানের বিরুদ্ধে বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্যতম। এই অনুগ্রহের শুকরিয়া হলো জাতির প্রতিটি সদস্যের, বিশেষত মজলিসের প্রতিনিধিসহ চিন্তাশীল ও রাজনৈতিক বিশিষ্টজনদের, এই ঐক্য রক্ষায় যত্নবান হওয়া এবং অর্থহীন রাজনৈতিক বিরোধ ও সামাজিক পার্থক্যকে বড় করে তোলা থেকে বিরত থাকা।

আরোপিত যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং প্রচারণাগত ও রাজনৈতিক অবরোধের পর শত্রুর অন্ধ পরিকল্পনা হলো সামরিক ময়দানের পরাজয়ের ক্ষতিপূরণ এবং জাতিকে নতজানু করার জন্য বিভেদ সৃষ্টি ও সামাজিক বিভাজন ঘটানো; এবং ইসলাম ও বিপ্লব কিংবা ইরানের স্বাধীনতা ও মর্যাদার জন্য যাদের হৃদয় স্পন্দিত হয়, সেই প্রত্যেক জীবন উৎসর্গকারীর জন্য প্রয়োজন, এখন থেকে জাতির সুসংহত ও পরস্পর-সংযুক্ত সারির ঐক্য রক্ষায় আগের চেয়ে আরও বেশি যত্নবান হওয়া, অযৌক্তিক এমনকি যৌক্তিক মতপার্থক্যকেও বিবাদ ও বিভেদে পরিণত না করা এবং কথায় ও কাজে জাতির সংহতি ও একতার প্রতীক হওয়া, ইনশাআল্লাহ।

যে যোগ্য জাতি যুগের হিংস্র ও পাপিষ্ঠদের জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছে এবং ইতিহাসকে তার সঠিক দিকে পরিচালিত করছে, সেই জাতির প্রতিনিধিত্বের অত্যন্ত গুরুভার দায়িত্বে আপনাদের সাফল্য কামনা করছি। এই আশায় যে, আমাদের মাওলা — عجل‌الله‌تعالی‌فرجه‌الشریف (মহান আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) — এর দোয়া আপনাদের প্রিয়জনদের জন্য সহায়ক, সঠিক পথের দিশারি এবং ঐশী সাফল্য আকর্ষণকারী হবে।

والسّلام‌ علیکم و رحمةالله و برکاته
আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক।
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী
৭ খোরদাদ ১৪০৫