1. প্রথম পাতা
  2. বার্তা
  3. 17 জুলাই 2026

শহীদ মুজাহিদ ইমামের জানাজার বীরত্বগাথার জন্য ইরাকি জাতির প্রতি কৃতজ্ঞতা বার্তা

এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ

بسم‌الله الرّحمن الرّحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।

মজলুম ইরাক ভূখণ্ডের মহান মারজায়ে তাকলিদগণ, সম্মানিত আলেমগণ, হাওজায়ে ইলমিয়া ও বিশ্ববিদ্যালয়সমূহের অধ্যাপক ও বিদ্বানগণ, মহামূল্যবান চিন্তাবিদ ও মেধাবীগণ, আমির ও গোত্রপ্রধানগণ, উপজাতীয় শেখগণ, সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মহৎ ও স্নেহশীল জনগণ এবং আত্মমর্যাদাসম্পন্ন ও সম্মানিত তরুণদের সম্মানিত সান্নিধ্যে আমরা সালাম, শুভেচ্ছা, সম্মান ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইরাকের মুমিন জনগণ, যারা পবিত্র মাজারসমূহে আলে আল্লাহর (আল্লাহর দরুদ ও সালাম তাঁদের সকলের ওপর) প্রতিবেশিত্ব ও আতিথেয়তার মহান নিয়ামত লাভ করেছেন, সংস্কৃতির এক উজ্জ্বল ঐতিহ্য, নাজাফে আশরাফের নূরানি ও প্রাচীন হাওজার মতো আধ্যাত্মিক ও পথনির্দেশক ভিত্তি এবং প্রতিরোধ ফ্রন্টে মুজাহিদসুলভ ভূমিকার অধিকারী হয়ে, মহান মর্যাদাসম্পন্ন শহীদ নেতাকে (আল্লাহ তাঁর মহিমান্বিত মর্যাদা সমুন্নত করুন) বরণ করে নেওয়ার ক্ষেত্রে ইরানি জাতির মতোই এক মহান, গভীর তাৎপর্যপূর্ণ ও হৃদয়ের দহনে পরিপূর্ণ বীরত্বগাথা রচনা করেছেন।

যেদিন আমাদের মাওলা আমিরুল মুমিনিনের (তাঁর ওপর আল্লাহর দরুদ ও সালাম) বরকতময় পদচিহ্ন ইরাকের মাটিতে পড়েছিল, সেদিন থেকে তা এক বরকতময় ভূমিতে পরিণত হয়, এবং শীঘ্রই এর মানুষেরা পরম গৌরবের সঙ্গে সেই মহান ব্যক্তিত্ব ও তাঁর পবিত্র বংশধরদের (আল্লাহর দরুদ ও সালাম তাঁদের সকলের ওপর) ভালোবাসা ও বেলায়েতের মালা নিজেদের গলায় ধারণ করে। এই ভূখণ্ডের ওপর অত্যাচারী ও জালেম শাসকদের আধিপত্যের যুগগুলো কখনোই এই মানুষদের হৃদয় থেকে বেলায়েত ও পবিত্র আহলে বাইতের প্রতি ভালোবাসার খাঁটি রত্ন মুছে ফেলতে পারেনি। এজন্যই বাথ সরকারের পতনের পর আরবাঈনের পদযাত্রার মহান ঘটনা সংঘটিত হয়, এবং যেহেতু তা মুমিন মানুষদের প্রাণের গভীর থেকে উৎসারিত, তাই দিন দিন তা বিস্তৃত হয়েছে; আর ঠিক এই কারণেই যখন এই মানুষেরা দেখলেন যে আমিরুল মুমিনিন ও সাইয়্যেদুশ শুহাদার (তাঁদের উভয়ের ওপর আল্লাহর দরুদ ও সালাম) মজলুম ও শহীদ সন্তান বহু বছরের বাহ্যিক দূরত্বের পর পবিত্র মাজারসমূহ থেকে, এবার হোসাইন, তাঁর মাতা ও তাঁর ভ্রাতার দেহের মতো এক দেহ নিয়ে আলোকিত মাজারসমূহ তাওয়াফ করতে আসছেন, তখন তাঁরা সমগ্র সত্তা দিয়ে তাঁর আগমনকে সম্মানিত করেছেন।

অন্যদিকে প্রতিরোধের পতাকাবাহীর এই কোটি মানুষের ও নজিরবিহীন জানাজা ইরাক ও ইরানের দুই জাতির মধ্যে একাত্মতা, ভ্রাতৃত্ব ও আদর্শিক ঐক্যের এক পরিপূর্ণ প্রতিচ্ছবি প্রদর্শন করেছে। নিঃসন্দেহে সাম্রাজ্যবাদের শীর্ষ নেতারা ভীত হৃদয়ে ইরাকে এই মহাসমাবেশের জাঁকজমকপূর্ণ দৃশ্যের ছবি দেখেছে এবং দেখেছে যে, দুই জাতির সম্পর্ক নষ্ট করার জন্য তারা যে বিপুল বিনিয়োগ করেছিল, তা কীভাবে অন্তঃসারশূন্য ও নিষ্ফল প্রমাণিত হয়েছে। শহীদ মুজাহিদ ইমামের (আল্লাহ তাঁর মহিমান্বিত মর্যাদা সমুন্নত করুন) জানাজা ও বিদায় উপলক্ষে ইরান ও ইরাক উভয় দেশে কয়েক কোটি মানুষের এই উপস্থিতি সাম্রাজ্যবাদীদের পূর্বনির্মিত সমীকরণ পরিবর্তনের জন্য জাগরণ ও ভূমিকা পালনের এক নতুন অধ্যায় রচনা করেছে। এখন বড় শয়তান, অপরাধী আমেরিকা বুঝতে পেরেছে যে, অঞ্চলে তার নির্বিঘ্ন ও আধিপত্যবাদী উপস্থিতির ধারাবাহিকতা এক অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।

শীঘ্রই আবারও উদার ইরাকি জাতি এবং এর উষ্ণহৃদয় ও স্নেহশীল উপজাতি ও সম্প্রদায়সমূহের প্রসারিত আলিঙ্গন আরবাঈনের জিয়ারতের আকুল জিয়ারতকারীদের জন্য, যাঁদের মধ্যে রয়েছে ইরানের শহীদ নেতার পক্ষ থেকে জিয়ারতকারী বিপুল জনতা, উন্মুক্ত হবে; তা এই গৌরবময় জানাজা এবং সেই মহান পুরুষের স্মৃতির সঙ্গে মিশে যাবে, যিনি হয়তো বহু বছর ধরে পবিত্র মাজারসমূহে উপস্থিত হওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করছিলেন, এবং সত্যে পরিপূর্ণ স্লোগান «حُبُّ‌ الحسین یَجمَعُنا» (হোসাইনের ভালোবাসা আমাদের ঐক্যবদ্ধ করে) সকলের সামনে তুলে ধরবে, এবং ইনশাআল্লাহ ইরাকি জাতির নিরাপত্তা, বরকত ও অগ্রগতির জন্য আমাদের মাওলার (আল্লাহ তাআলা তাঁর মহিমান্বিত আবির্ভাব ত্বরান্বিত করুন) দোয়া বয়ে আনবে; بِمَنِّهِ و کَرَمِه (তাঁর অনুগ্রহ ও দয়ায়)।

সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি
২ সফরুল মুজাফফার ১৪৪৮
২৬ তির ১৪০৫