- প্রথম পাতা
- বার্তা
- 30 মার্চ 2026
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের শোক ও বাইয়াতের বার্তার জবাব
এটি মূল ফারসি পাঠের অনুবাদ। মূল ফারসি পাঠ
بسم الله الرحمن الرحیم
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে।
আমার প্রিয় ও মুজাহিদ ভাই, জনাব শেখ নাঈম কাসেম, হিজবুল্লাহর মহাসচিব (ادام الله عمره وعزّه وعافيته) (আল্লাহ তাঁর আয়ু, মর্যাদা ও সুস্থতা দীর্ঘস্থায়ী করুন) সমীপে
سلام علیکم و رحمة الله و برکاته
আপনার ওপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
ইসলামী বিপ্লবের মহান মর্যাদাসম্পন্ন নেতার শাহাদাত উপলক্ষে আপনার শোকবার্তা এবং হিজবুল্লাহর লেবাননি মুজাহিদ ভাইদের ভালোবাসা ও স্নেহের প্রকাশ আমার কাছে পৌঁছেছে।
কোনো সন্দেহ ছাড়াই, ইসলামী বিশ্বের সবচেয়ে কট্টর শত্রু, অর্থাৎ আমেরিকা ও অঞ্চলে তার প্রক্সি শক্তি, রক্তপিপাসু জায়নবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে অবিচলতা, দৃঢ়তা ও ধৈর্য ছিল শহীদ ইমাম ও নেতার সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্যগুলোর অন্যতম। এই প্রতিরোধ ও অবিচলতা সেই মহান নেতার নেতৃত্বের দীর্ঘ বছরগুলো জুড়ে অব্যাহত ছিল, এবং হাজ কাসেম সোলাইমানি ও সেপাহে পাসদারান ও সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদের মতো মহামূল্যবান শহীদদের উৎসর্গ এই পথের সঠিকতার সবচেয়ে বড় সাক্ষ্য।
এতে কোনো সন্দেহ নেই যে ইসলামী প্রতিরোধের ইতিহাস জিহাদ, সাহসিকতা ও শাহাদাতের আকাঙ্ক্ষায় পরিপূর্ণ; প্রতিরোধের কমান্ডাররা অন্য মুজাহিদদের আগেই এই পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কোনো হুমকিকে ভয় না করে। শহীদ শেখ রাগেব হারব ও সাইয়্যেদ আব্বাস মুসাভি থেকে শুরু করে প্রিয় শহীদ, প্রতিরোধের সাইয়্যেদুশ শুহাদা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন পর্যন্ত, সকলেই এই পথ ও পদ্ধতির দৃষ্টান্ত ছিলেন।
আপনি, যিনি নিজেই লেবাননে এই বরকতময় প্রতিরোধের সম্মুখসারিতে ছিলেন, আজ এই সংবেদনশীল ও ঐতিহাসিক মুহূর্তে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আপনার বিচক্ষণতা, প্রজ্ঞা ও সাহসিকতা সম্পর্কে আমার যে জানাশোনা রয়েছে, তার ভিত্তিতে আশা করি আপনি জায়নবাদী শত্রুর পরিকল্পনাগুলো ব্যর্থ করে দিতে, সেগুলো চূর্ণ করতে এবং আবারও প্রিয় লেবাননি জাতিকে শান্তি ও গৌরবের স্বাদ আস্বাদন করাতে সক্ষম হবেন।
আমি আবারও জোর দিয়ে ঘোষণা করছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী নীতি, প্রয়াত ইমাম ও শহীদ নেতার পথের ধারাবাহিকতায়, জায়নবাদী-আমেরিকান শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর প্রতিষ্ঠিত।
আপনার সমবেদনা প্রকাশের জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার ও সকল প্রিয় মুজাহিদ ভাইয়ের জন্য সাফল্য ও গৌরব কামনা করছি।
والسلام عليكم ورحمة الله وبركاته
আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক।
সাইয়্যেদ মোজতাবা হোসেইনি খামেনেয়ী
১০ ফারভারদিন ১৪০৫ হিজরি শামসি, মোতাবেক ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি কামারি